কেনিয়ায় ৪জি ইন্টারনেট সেবা দেবে লুন

৯ জুলাই, ২০২০ ১১:৪০  
করোনাভাইরাস মহামারীতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে প্রকল্পের গতি বাড়িয়েছে গুগলের অঙ্গপ্রতিষ্ঠান লুন। টেলকমের সঙ্গে জোট বেধে ইতোমধ্যেই কেনিয়ার প্রত্যন্ত অঞ্চলে ৩৫ হাজার গ্রাহক নিয়ে ৪জি বেলুন ইন্টারনেট সেবা পরীক্ষা করেছে। এর মাধ্যমে ভয়েস, ভিডিও কল, ওয়েব ব্রাউজিং, ইমেইল, টেক্সট এবং ভিডিও স্ট্রিমিং সবই করতে পারছেন গ্রাহক। দুই বছর আগে গুগল এই প্রকল্পের ঘোষণা দিলেও কিছু দিন আগেই এতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেনিয়া সরকার। এমনটাই জানিয়েছেন লুন প্রধান অ্যালিস্টার ওয়েস্টগার্থ। তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ওড়ানোর পর বাতাসের প্রবাহ কাজে লাগিয়ে কেনিয়ায় পৌঁছেছে বেলুনগুলো। বেলুন ইন্টারনেটের পরীক্ষায় ডাউনলোড গতি ১৮.৯ এমবিপিএস এবং আপলোড গতি ৪.৭ এমবিপিএস পেয়েছে লুন। প্রাথমিক পর্যায়ে ৫০ হাজার বর্গকিলোমিটার এলাকায় ইন্টারনেট সেবা দেবে প্রতিষ্ঠানের বেলুনগুলো। লুনের নতুন এই প্রকল্পে সৌর শক্তিচালিত ৩৫টি বেলুন পূর্ব আফ্রিকার ওপরে স্ট্র্যাটোস্ফিয়ারে ভেসে বেড়াবে। টেলকমের প্রধান নির্বাহী মুগো কিবাতি বলেন, “আফ্রিকা অঞ্চলে ইন্টারনেট সেবার জন্য এটি একটি মাইলফলক।”